দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজশাহীর দুর্গাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার উজালখলসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইয়াছিন আলী প্রামাণিকের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ ও মুসলমানির ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ শওকত শরীফ, গাইনি ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইমরান হোসেন, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডাঃ রাকিব শেখ, ডাঃ মোঃ তাহিদুল ইসলাম (রনি), গাইনি বিশেষজ্ঞ সার্জন ডাঃ প্রিয়াঙ্কা ভৌমিক এবং জেনারেল ফিজিশিয়ান ডাঃ বিজয় কুমার।
চিকিৎসাসেবা নিতে আসা একজন উপকারভোগী বলেন, ‘এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে আমরা উপকৃত হয়েছি। এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ বেশি উপকৃত হবেন।’
মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা মোঃ ইয়াছিন আলী প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। জনগণের ভোটে তিনবার ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও সুযোগ পেলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে সপ্তাহে অন্তত একদিন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেবেন। পাশাপাশি হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, প্রকৃত উপকারভোগীদের সরকারি ভাতা নিশ্চিত, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
উল্লেখ্য, মোঃ ইয়াছিন আলী প্রামাণিক কিসমত গণকৈড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (আড়ইল) তিনবার নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি গ্রাম আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

0 মন্তব্যসমূহ